গ্রিসের উপকূলে বাংলাদেশিসহ দুই শতাধিক অভিবাসী উদ্ধার

প্রকাশ:

গ্রিসের উপকূলে পরিচালিত পৃথক কয়েকটি অভিযানে দুই শতাধিক অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। উদ্ধার হওয়া এসব অভিবাসীর বড় একটি অংশ বাংলাদেশ ও সুদানের নাগরিক। গ্রিক সংবাদমাধ্যম ডিমোক্রেটিয়ার বরাতে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, লিবিয়া উপকূল থেকে ছেড়ে আসা বিভিন্ন নৌকায় করে ৪৮ ঘণ্টার কম সময়ে অন্তত ২০২ জন অভিবাসী ক্রিট দ্বীপে এসে পৌঁছেছেন। এই বিপুল সংখ্যক মানুষের আগমনে দ্বীপটিতে অবস্থিত অস্থায়ী অভিবাসী অভ্যর্থনা কেন্দ্রগুলোর ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

ডিমোক্রেটিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ইউরোপীয় সীমান্ত ও উপকূল রক্ষাকারী সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আইয়েরাপেত্রা এলাকায় ৪০ জন অভিবাসীবাহী একটি নৌকার সন্ধান পায়। খবর পাওয়ার পরপরই গ্রিক কোস্ট গার্ড এবং একটি মাছ ধরার ট্রলার যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে আইয়েরাপেত্রা বন্দরে নিয়ে আসে। বর্তমানে সেখানে উদ্ধারকৃতদের পরিচয় যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

এর মাত্র কয়েক ঘণ্টা আগেই আরও দুটি পৃথক নৌকা থেকে ১১২ জন অভিবাসীকে উদ্ধার করেছিল গ্রিক কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া প্রথম দলটিতে ৫৬ জন ছিলেন, যাদের মধ্যে ৩১ জন সুদানের এবং ২৫ জন বাংলাদেশের নাগরিক। এছাড়া দ্বিতীয় নৌকাটিতে থাকা ৫৬ জনের মধ্যে ৪৭ জন বাংলাদেশি এবং ৯ জন মিসরের নাগরিক রয়েছেন। বর্তমানে উদ্ধার হওয়া সবাইকে হেরাক্লিয়ন বন্দরের একটি সাময়িক আবাসনকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। দ্বীপে প্রতিনিয়ত অবৈধ অভিবাসীদের সংখ্যা বাড়তে থাকায় কেন্দ্রটিকে তাদের সাময়িক আশ্রয়ের জন্য ব্যবহার করা হচ্ছে।

শেয়ার করুন