গণমাধ্যমের কাঠামোগত রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের

প্রকাশ:

পরিবর্তনশীল প্রযুক্তির এই যুগে জনগণের আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন এবং নতুন সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আমূল আধুনিকায়ন ও কাঠামোগত পরিবর্তনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার (১৭ আগস্ট) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘মুনসুন রিভল্যুশন অডিটোরিয়াম’-এ ‘গণমাধ্যম, গণআকাঙ্ক্ষা ও জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী উল্লেখ করেন, ইন্টারনেট, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং স্মার্ট ডিভাইসের বিবর্তন সভ্যতার ইতিহাসে যুগান্তকারী পরিবর্তন এনেছে। গত হাজার বছরের তুলনায় গত ২০-২৫ বছরে ডিজিটাল রূপান্তরের কারণে সমাজে অনেক বেশি পরিবর্তন সাধিত হয়েছে। তিনি বলেন, আগে কেবল সরকার নিয়ন্ত্রিত বা নিবন্ধিত মাধ্যমের প্রচারণাকেই গণকণ্ঠ হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু বর্তমানে ডিজিটাল প্রযুক্তির কল্যাণে জনগণের স্বতস্ফূর্ত কণ্ঠস্বর ও আকাঙ্ক্ষা সরাসরি প্রতিফলিত হচ্ছে।

বিটিভি, রেডিও এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মতো প্রতিষ্ঠানগুলোর মূল কাঠামো ইন্টারনেট ও স্মার্ট ডিভাইস যুগের পূর্বে তৈরি হয়েছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, এই পরিবর্তিত প্রেক্ষাপটে দর্শক ও শ্রোতাদের নতুন চাহিদা, ক্লাউড প্রযুক্তি এবং সংশ্লিষ্ট চ্যালেঞ্জগুলো গভীরভাবে অনুধাবন করা প্রয়োজন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষাকে গণমাধ্যমে সঠিকভাবে রূপান্তরের জন্য বিশেষজ্ঞ জ্ঞান, কার্যকর প্রযুক্তি এবং দক্ষতার সুসংহত প্রয়োগ জরুরি বলেও তিনি মন্তব্য করেন।

সেমিনারে উত্থাপিত আলোচনা ও সুচিন্তিত প্রস্তাবনাগুলো সরকারের নীতি নির্ধারণী রোডম্যাপ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন মন্ত্রী। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব (গ্রেড-১) মুহম্মদ হিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য ড. সায়মা ফেরদৌস এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী। সেমিনারে বিভিন্ন গণমাধ্যম গবেষক, শিক্ষক, সাংবাদিক ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

শেয়ার করুন