দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে ১ হাজার ৫১৬ জন শিশুর শরীরে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনটি প্রকাশ করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে চারজন মারা গেছে। তবে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮৬৮ শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ জন। সব মিলিয়ে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৯৬৭ জন শিশুর প্রাণহানি হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬৫ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। বর্তমানে ১ হাজার ১৫১ জন রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং একই সময়ে ১ হাজার ২৮ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৫৬ হাজার ৮২৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৯ হাজার ২১৮ জনের শরীরে নিশ্চিতভাবে হামের উপস্থিতি পাওয়া গেছে। এ পর্যন্ত মোট ১ লাখ ৩৭ হাজার ৩৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে ১ লাখ ৩২ হাজার ২৯২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।





