মহেশখালীতে ট্রলারডুবি: দুই জেলের মৃত্যু, নিখোঁজ এখনো ২ জন

প্রকাশ:

কক্সবাজারের মহেশখালীর বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ‘এফবি তাহসিন’ নামের একটি ফিশিং ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে মহেশখালী চ্যানেলের নাজিরারটেক পয়েন্টের ‘খাড়িরমুখে’ এই দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় অন্যান্য মাছ ধরার ট্রলারগুলো নিখোঁজ জেলেদের উদ্ধারে এগিয়ে আসে। তারা তাৎক্ষণিকভাবে চার জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। পরে সাগরে ভাসমান অবস্থায় ফয়েজ আহমদ ও সাইফুল ইসলাম নামের দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ফয়েজ আহমদ কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়ার মৃত মোক্তল হোসেনের ছেলে এবং সাইফুল ইসলাম একই ইউনিয়নের মেহেরিয়াপাড়ার সোহাগ মিয়ার ছেলে।

ট্রলারটি ডুবে যাওয়ার পর এখনো দুইজন জেলে নিখোঁজ রয়েছেন। তারা হলেন—জাগিরাঘোনা এলাকার আব্দুর রশিদের ছেলে মহিবুল্লাহ এবং খোন্দকারপাড়া এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে নুরুল আলম। দুর্ঘটনাকবলিত ট্রলারটির মালিক মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়া এলাকার ফরিদ আলম।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সুলতান জানান, বিষয়টি তারা অবগত হয়েছেন। নিখোঁজ জেলেদের উদ্ধারে সন্ধান চালানো হচ্ছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন