চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম

প্রকাশ:

চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানিয়েছেন, এই নির্বাচনগুলো আয়োজনের জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

মঙ্গলবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাথে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার সাক্ষাৎ করেন। বৈঠকের পর সাংবাদিকদের কাছে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী সপ্তাহে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আলোচনার জন্য নির্বাচন কমিশনের (ইসি) সাথে বৈঠক করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, নির্বাচনের তফসিল ও তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন। ইসির সাথে আলোচনার পর মন্ত্রণালয় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিস্তারিত ব্রিফিং করবে।

বৈঠকে পানি সরবরাহ ব্যবস্থাপনায় ডেনমার্কের সহায়তার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। প্রতিমন্ত্রী জানান, রাজধানীতে পানি সরবরাহ ব্যবস্থাপনায় সহযোগিতা করবে ডেনমার্ক। সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় পর্যায়ের কাজ শেষ করতে দেশটি সহায়তা করবে। ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পানি শোধনাগারে ডেনমার্ক সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা দেবে। এর মধ্যে দেড় হাজার কোটি টাকা অনুদান হিসেবে পাওয়া যাবে। বাকি ৩ হাজার কোটি টাকা সরকার আগামী ২০ বছরে ধাপে ধাপে পরিশোধ করবে, যার ফলে সরকারের ওপর বাড়তি চাপ পড়বে না। এই প্রকল্প বাস্তবায়িত হলে মেঘনা নদী থেকে দৈনিক ৯৫ কোটি লিটার পানি শোধন করা সম্ভব হবে। এছাড়া, বৈঠকে রোহিঙ্গাদের সহায়তায় ডেনমার্ক ১০০ কোটি টাকা দেবে বলেও জানানো হয়েছে।

শেয়ার করুন