স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করে তোলার লক্ষ্যে নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত আরাল্ড গুলব্রান্ডসেনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নরওয়ের কারিগরি সহায়তা এবং স্থানীয় সরকার পর্যায়ে নারীর অংশগ্রহণ বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। মন্ত্রী ড. মঈন খান বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি সহায়তা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে নরওয়ের অর্জিত অভিজ্ঞতা বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা পুনর্গঠনে বিশেষ সহায়ক ভূমিকা পালন করতে পারে। একই সঙ্গে স্থানীয় সরকারে নারীর অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
সৌজন্য সাক্ষাতকালে নরওয়ের বাংলাদেশ মিশনের ডেপুটি হেড আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন, রাজনৈতিক উপদেষ্টা সারোয়ার জাহান চৌধুরী এবং স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





