মহানবীর আদর্শে শান্তি ও সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান মঈন খানের

প্রকাশ:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বুধবার তার নির্বাচনী এলাকা নরসিংদীর পলাশ সফর করেছেন। সফরের শুরুতে তিনি তার প্রয়াত পিতা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল মোমেন খান এবং মা খোরশেদা বেগমের কবর জিয়ারত করেন। এ সময় তিনি তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

কবর জিয়ারত শেষে মন্ত্রী পলাশ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেন। সভায় তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শকে সমগ্র মানবজাতির জন্য অনুকরণীয় ও অনুসরণীয় হিসেবে উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, মহানবীর শিক্ষা ছিল শান্তি, ন্যায়, মানবিকতা ও সম্প্রীতির শিক্ষা। তিনি বিভেদ ও বিদ্বেষ পরিহার করে মহানবীর আদর্শে উজ্জীবিত হয়ে একটি মানবিক ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ২০: ১১আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ২০: ১৩

শেয়ার করুন