কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-৫-এর ব্লক-এ এলাকায় ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনায় পাঁচ মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
ক্যাম্পের সাব্বির মাঝি জানান, ভূমিধসের কবলে পড়ে মেয়েদের একটি হিফজ কেন্দ্র সম্পূর্ণ মাটির নিচে চাপা পড়ে যায়। ঘটনার সময় সেখানে ৩০ জনেরও বেশি ছাত্রী অবস্থান করছিলেন। এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, যার মধ্যে ৫ জনই মারা গেছেন।
উদ্ধার কার্যক্রম এখনো চলমান রয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।





