লালমোহনে ২২ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ করল কোস্ট গার্ড

প্রকাশ:

ভোলার লালমোহন উপজেলায় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড আউটপোস্ট লালমোহনের সদস্যরা পৌরশহরে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে পৌরশহরের বিভিন্ন স্থানে অবস্থিত পাঁচটি গোডাউনে তল্লাশি চালিয়ে ৫ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব পলিথিনের বাজারমূল্য অন্তত ২২ লাখ টাকা। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে গোডাউন মালিকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত পলিথিন পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবেশ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন