শহীদ ইকরামুল হক সাজিদের স্মৃতি এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগে ‘সাজিদ থেকে জুলাই: স্বপ্ন, সাহস ও সংগ্রামের গল্প’ শীর্ষক পাবলিক স্পিকিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পৃষ্ঠপোষকতায় এবং এআইএস ডিবেট ফোরামের ব্যবস্থাপনায় বিভাগের সেমিনার কক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পাঁচটি ভিন্ন বিষয়ের ওপর তাদের বক্তব্য উপস্থাপন করেন। বিষয়গুলো ছিল— ‘আমার চোখে জুলাই বিপ্লব’, ‘শহীদ সাজিদের স্বপ্ন, আমাদের দায়িত্ব’, ‘৭১ থেকে ২৪: আমাদের শিক্ষা’, ‘অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ: প্রত্যাশা ও বাস্তবতা’ এবং ‘জবির আন্দোলন, সংগ্রাম ও প্রাপ্তির হিসাব’।
প্রতিযোগিতায় ১৯তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল কাইয়ুম প্রথম স্থান অর্জন করেন। এছাড়া ১৯তম ব্যাচের তামান্না আক্তার দ্বিতীয় এবং ১৮তম ব্যাচের শিক্ষার্থী তাফহিম রাফি তৃতীয় স্থান অধিকার করেন।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন এআইএস ডিবেট ফোরামের মডারেটর অধ্যাপক ড. আব্দুল মান্নান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আলী নূর। এআইএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. লিয়াকত হোসেন মাহমুদ, অধ্যাপক ড. কাজী মো. নাসির উদ্দিন, অধ্যাপক ড. নিরুৎপল সরকার, অধ্যাপক ড. তাসলিমা আক্তার, সহযোগী অধ্যাপক ইশিতা আহমেদ এবং প্রভাষক মো. কামরুল হাসান তুহিন।
অনুষ্ঠানে বক্তারা শহীদ সাজিদের আত্মত্যাগের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে তারা নতুন প্রজন্মকে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ এবং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।





