যুব সমাজ ফাঁসির রশি নিয়ে প্রস্তুত: জামায়াত আমির

প্রকাশ:

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ ছেড়ে পালানোর পর বারবার তিনি বলছেন ‘এই আসলাম’। এভাবে তিনি ১৩ বার ব্যর্থ হয়েছেন। আপনি আসুন; যুব সমাজ আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং তারা ফাঁসির রশি নিয়ে প্রস্তুত। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর মিরপুর-১০ এ ঢাকা মহানগর জামায়াতের আয়োজিত এক জনসভায় বিরোধীদলীয় নেতা এসব কথা বলেন।

জামায়াত আমিরের নির্বাচনী এলাকায় আয়োজিত এই জনসভায় গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার দাবি করা হয়। বর্তমান সরকার ও সংসদ জুলাই বিপ্লবের ফসল উল্লেখ করে শফিকুর রহমান বলেন, সরকারকে জুলাই বিপ্লবের প্রতি কৃতজ্ঞ হতে হবে। জুলাই যোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান আখ্যা দিয়ে তিনি তাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করার আহ্বান জানান। এছাড়া আহত ও পঙ্গুত্ববরণকারী যোদ্ধাদের সুচিকিৎসা ও সম্মানজনক পুনর্বাসনের দাবি জানান তিনি। এমনকি মিরপুরসহ রাজধানীর বিভিন্ন স্থাপনা ও সড়কের নামকরণ জুলাই যোদ্ধাদের নামে করার প্রস্তাব দেন জামায়াত আমির।

সরকারের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালিয়েছিলেন, অথচ এখন সরকার সেই রায়কে অবৈধ বলছে। যদি গণভোট অবৈধ হয়, তবে বর্তমান সরকার ও সংসদও অবৈধ। তিনি সরকারকে সব টালবাহানা পরিহার করে জুলাই সনদ বাস্তবায়নের হুঁশিয়ারি দেন।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ ৫ বছরের জন্য ক্ষমতা বুকিং দিয়েছিল, যা অনেকের মধ্যে হতাশা তৈরি করেছিল। কিন্তু জুলাই মাস দেশ ও জাতির জন্য মুক্তির পয়গাম নিয়ে এসেছিল। মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের এমপি ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান, ঢাকা-১৬ আসনের এমপি কর্নেল (অব.) আব্দুল বাতেন এবং সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান প্রমুখ।

শেয়ার করুন