সর্বক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠায় আপসহীন থাকতে হবে: জামায়াত আমির

প্রকাশ:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র—সর্বক্ষেত্রে ইনসাফ বা ন্যায়বিচার প্রতিষ্ঠা করা জরুরি। তিনি জোর দিয়ে বলেন যে, ইনসাফের প্রশ্নে কারো সাথে কোনোভাবেই আপস করা যাবে না। শুক্রবার বিকেলে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান দায়িত্বশীলদের উদ্দেশে বলেন, নিজেদের আচরণ ও কর্মকাণ্ডের মাধ্যমে ন্যায়, সততা ও জবাবদিহিতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তিনি উল্লেখ করেন, একটি সংগঠনের শক্তি কেবল সাংগঠনিক কাঠামোর ওপর নির্ভর করে না, বরং দায়িত্বশীলদের চরিত্র, সততা, আমানতদারি ও মানুষের প্রতি দায়িত্ববোধের মধ্যেই এর প্রকৃত শক্তি নিহিত। সংকটকালীন সময়ে প্রতিকূল পরিস্থিতিতে যারা সাহস ও ধৈর্যের সাথে দায়িত্ব পালন করেছেন, তাদের ভূমিকার প্রশংসা করেন তিনি।

জনগণের আস্থা অর্জনের গুরুত্ব তুলে ধরে জামায়াত আমির বলেন, মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে এবং তাদের প্রত্যাশা পূরণে আন্তরিক হতে হবে। সমাজে বিভেদ তৈরি না করে সব শ্রেণি-পেশার মানুষের মর্যাদা ও অধিকার ও মর্যাদা নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি। সম্মেলনে রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো: গোলাম মুর্তজার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম এবং রাজশাহী মহানগর আমির ড. মাওলানা কেরামত আলী এমপি।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেন, দায়িত্ব কোনো পদমর্যাদার বিষয় নয়, বরং এটি একটি আমানত। তিনি দায়িত্বশীলদের আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। মাওলানা রফিকুল ইসলাম খান এমপি তার বক্তব্যে বলেন, আল্লাহভীতি ও নৈতিক চরিত্রের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন সম্ভব। সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং পারস্পরিক সহযোগিতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেয়ার করুন