ইসলামি সমাজ বিশ্লেষণের মূলনীতি ও কাঠামোগত রূপরেখা

প্রকাশ:

ইসলামি সমাজ বিশ্লেষণ একটি তাওহিদভিত্তিক বিশ্বদৃষ্টির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। আধুনিক সমাজবিজ্ঞান যেখানে সমাজকে কেবল বস্তুগত উপাদান ও ইতিহাসনির্ভর আচরণ দিয়ে ব্যাখ্যা করে, ইসলামি দৃষ্টিভঙ্গি সেখানে ঈমান, আখলাক এবং কল্যাণী ভূমিকার ওপর গুরুত্ব দেয়। ইবনে খালদুনের ‘আসাবিইয়াহ’ বা সামাজিক বন্ধন তত্ত্ব থেকে শুরু করে শাহ ওয়ালিউল্লাহর ‘ইরতিফাকাত’ বা সহায়ী ক্রমবিকাশ তত্ত্ব পর্যন্ত ইসলামি সমাজ বিশ্লেষণের একটি ধারাবাহিক অন্তঃপ্রবাহ রয়েছে, যার মূল লক্ষ্য দুনিয়া ও আখেরাতের পরিপূর্ণ কল্যাণ।

এই বিশ্লেষণের প্রথম স্তম্ভ হলো ঈমানভিত্তিক দৃষ্টিভঙ্গি। সমাজকে কেবল মানুষের পারস্পরিক চুক্তি হিসেবে না দেখে আল্লাহর নির্দেশিত ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হয়। এর কেন্দ্রে রয়েছে তাওহিদ, রিসালাত এবং আখেরাহ। মানুষ এখানে কেবল সামাজিক প্রাণী নয়, বরং আল্লাহর খলিফা বা প্রতিনিধি হিসেবে দায়িত্বশীল সত্তা। ইসলামি সমাজ কাঠামোর দ্বিতীয় স্তম্ভ হলো শরিয়াহর আনুগত্য, যা ব্যক্তি ও সামাজিক জীবনের ভারসাম্য রক্ষায় কাজ করে। এখানে সমাজের পরিচয় কোনো বর্ণ বা শ্রেণিতে নয়, বরং ঈমানভিত্তিক উম্মাহর ভ্রাতৃত্বের ওপর প্রতিষ্ঠিত।

সামাজিক উত্থান-পতনের কারণ হিসেবে নৈতিক ও আধ্যাত্মিক স্থিতিকে প্রাধান্য দেওয়া হয়। সুরা রাদের ১১ নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের পরিবর্তন করে। মুসলিম সমাজ বিশ্লেষণের জন্য পাঁচটি আন্তঃসম্পর্কিত স্তর চিহ্নিত করা হয়েছে: ১. ঈমানি স্তর, যা সমস্ত কর্মের ভিত্তি; ২. আখলাকি স্তর, যা চরিত্র ও আত্মনিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করে; ৩. শররি স্তর, যা শরিয়তের বিধানের আলোকে আচরণের বিচার করে; ৪. উরফি স্তর, যা সাংস্কৃতিক রীতিনীতির ইসলামি সামঞ্জস্য যাচাই করে; এবং ৫. ইজতিমায়ি-মায়াশি স্তর, যা সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতাকে অবলোকন করে।

আচরণ বিশ্লেষণের পাঁচটি মূল কার্যক্ষেত্র হলো ইবাদাত, লেনদেন, আচার-ব্যবহার, ধ্বংসকারী বিষয় পরিহার এবং তওবা। ইসলামি জ্ঞানব্যবস্থা যেকোনো ধরনের স্বেচ্ছাচারী বর্গীকরণ রুদ্ধ করে এবং প্রতিটি মানুষের জন্য সংশোধনের সুযোগ খোলা রাখে। বর্তমানে র‌্যান্ড করপোরেশনের মতো প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণিবিন্যাস মুসলিম সমাজের জন্য চরম ভাঙনের প্রকল্প হিসেবে কাজ করছে। এই অশুভ প্রভাব থেকে মুক্তির জন্য ইসলামের নিজস্ব ভাষা, দর্শন ও দৃষ্টিভঙ্গিতে সমাজ বিশ্লেষণ করা জরুরি। এটি কেবল রাজনৈতিক প্রতিবাদ নয়, বরং আত্মচিন্তা ও সত্তানুভূতির স্বাধীনতা রক্ষার লড়াই।

শেয়ার করুন