সপ্তাহব্যাপী শোকানুষ্ঠান ও জানাজা শেষে বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন অনুষ্ঠান তার নিজ শহর মাশহাদে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই দাফনকে ঘিরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এলেও, এই বিশেষ দিনে ইরানজুড়ে অতর্কিত হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
ইরানের আধা-সামরিক সংবাদ সংস্থা মেহেরের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বন্দর আব্বাসের উপকূলীয় এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। এর পাশাপাশি বিকেলে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটির কর্মকর্তারা। বুশেহর প্রদেশের এক উপ-গভর্নরের বরাত দিয়ে ইরানি গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বিদ্যুৎকেন্দ্রটির নিরাপত্তা বেষ্টনীর (পেরিমিটার) একাংশে আঘাত হেনেছে।
তবে এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। ইরানের পক্ষ থেকে করা এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের কাছ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত সোমবার হরমুজ প্রণালিতে জাহাজে ইরানি হামলার জবাবে মার্কিন বাহিনী গত দুই দিন ধরে ইরানে ব্যাপক অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেছে তেহরান। অন্যদিকে, মার্কিন বাহিনীর এসব হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইরানও পাল্টা হামলা চালাচ্ছে।





