রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধর ও শ্লীলতাহানি, তদন্তে উচ্চপর্যায়ের কমিটি

প্রকাশ:

রাজবাড়ী শহরের বড় বাজারের কাদেরিয়া সুপার মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত ‘আস্থা পোশাক শিল্প’ প্রতিষ্ঠানের নারী উদ্যোক্তা ও তার কর্মীদের ওপর হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার তদন্তে পুলিশের উচ্চপর্যায়ের তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সাইফুজ্জামান ফারুকী। কমিটির অন্য দুই সদস্য হলেন ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শাকিলা সুলতানা এবং রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক। বুধবার দুপুর ২টার দিকে তারা রাজবাড়ী কাপড় বাজার পরিদর্শন করেন। এ সময় রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ এবং জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন।

কমিটির সদস্যরা ভুক্তভোগী নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা, স্থানীয় বাজার ব্যবসায়ী পরিষদ এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলে ঘটনার তথ্য সংগ্রহ করেন। ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সাইফুজ্জামান ফারুকী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর প্রেক্ষিতেই এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগামী বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, ‘আস্থা পোশাক শিল্প’ প্রতিষ্ঠানের হিসাব সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৯ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে জাকিয়া সুলতানা ও তার কর্মীরা বড় বাজারের সামনের রাস্তায় মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একদল ব্যক্তি বেআইনিভাবে জড়ো হয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় জাকিয়া সুলতানা ও তার কর্মীরা কিল, ঘুষি ও লাথির আঘাতে আহত হন এবং তাদের শ্লীলতাহানি করা হয়।

এ ঘটনায় জাকিয়া সুলতানা বাদী হয়ে নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় এজাহার দায়ের করেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মামলাটি রুজু করা হয়। এ পর্যন্ত পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন—আব্দুল্লাহ আল সিয়াম খান (১৯), মো. রুবেল হোসেন (১৯) এবং মো. হেলাল উদ্দিন (৩৮)।

শেয়ার করুন