দীর্ঘ ২৩ বছর পর আবারও পাকিস্তানে দক্ষিণ এশিয়ান গেমসের (সাফ গেমস) আসর বসতে যাচ্ছে। আগামী ২০২৭ সালের ৪ থেকে ১১ এপ্রিল এই ক্রীড়াযজ্ঞ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের তথ্য অনুযায়ী, সাউথ এশিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের বৈঠকে আঞ্চলিক ক্রীড়ার উন্নয়নের স্বার্থে ভারত পাকিস্তানের এই আমন্ত্রণ গ্রহণ করেছে। আশা করা হচ্ছে, আগামী জানুয়ারি মাসের মধ্যেই ভারত তাদের দলের বিস্তারিত তথ্য আয়োজকদের কাছে পাঠিয়ে দেবে।
এই প্রতিযোগিতার জন্য পাকিস্তানের তিনটি প্রধান শহরকে নির্বাচন করা হয়েছে—ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ার। আসরের মোট ২৮টি ডিসিপ্লিনের মধ্যে ১৫টিই অনুষ্ঠিত হবে রাজধানী ইসলামাবাদে। এছাড়া লাহোরে ক্রিকেট ও হকিসহ ১০টি এবং পেশোয়ারে বাকি ৩টি ডিসিপ্লিন আয়োজিত হবে।
পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (পিওএ) মহাসচিব খালিদ মেহমুদ জানিয়েছেন, এই আসরে হাজারেরও বেশি অ্যাথলেট, কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীর অংশগ্রহণ থাকবে। আয়োজকরা এই প্রতিযোগিতায় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। উল্লেখ্য, এর আগে সবশেষ ২০০৪ সালে পাকিস্তানে সাফ গেমস অনুষ্ঠিত হয়েছিল।





