চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব উপায়ে স্বর্ণ পাচারের চেষ্টার সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। গোপন সংবাদের ভিত্তিতে সিআইআইডি, আঞ্চলিক কার্যালয়, চট্টগ্রামের একটি দল এই অভিযান পরিচালনা করে।
আটক হওয়া যাত্রীর নাম থামিম আনসারি। তিনি আজ ১ আগস্ট ২০২৬ সকাল ৬টা ৫৮ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট নম্বর G9-526-এ চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় সিআইআইডি কর্মকর্তারা তাঁকে চিহ্নিত করেন।
পরবর্তীতে তাঁর দেহ তল্লাশি করে বিশেষ কৌশলে আন্ডারওয়্যারের ভেতরে লুকানো অবস্থায় ক্যাপসুলসদৃশ স্বর্ণজাত পদার্থ উদ্ধার করা হয়। প্যাকিং সামগ্রীসহ উদ্ধারকৃত এই বস্তুর ওজন ৪৫৫ গ্রাম। স্বর্ণকার দিয়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে স্বর্ণের প্রকৃত ওজন ও বিশুদ্ধতা নির্ধারণের কাজ চলমান রয়েছে। উদ্ধারকৃত এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, এই ঘটনায় কাস্টমস আইনের আওতায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইসাথে সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়াও চলমান রয়েছে। বিমানবন্দর ব্যবহার করে সংঘটিত চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।





