বিদ্যুৎ ও গ্যাসের বিদ্যমান সমস্যা সরকারের নিয়ন্ত্রণে নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি স্পষ্ট করেছেন যে, এই সমস্যা এক মাসে সমাধান হওয়ার মতো নয়। তবে সরকার এই সংকট সমাধানের চেষ্টা করছে এবং জ্বালানি সংকট ধীরগতিতে হলেও সমাধান হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক সেমিনারে অর্থমন্ত্রী এসব কথা বলেন। সেমিনারটির বিষয় ছিল ২০২৬ অর্থবছরের দ্বি-বার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারি খাতের প্রত্যাশা।
বিনিয়োগের পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী বলেন, বিনিয়োগ ছাড়া অর্থনীতিতে কোনো কিছুই করা সম্ভব নয়। এজন্য সরকার ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, একা অর্থমন্ত্রী বা সরকার কিছু করতে পারে না। বিএনপি ক্ষমতায় এসে বারবার কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার একটি কমিটি গঠন করেছে এবং একটি ওয়েবসাইট চালু করেছে জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যবসায়ীরা কোথাও আটকে গেলে তা সমাধানে সরকার বদ্ধপরিকর। তবে তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান, কোথাও বাধার মুখে পড়লে তাদের নিজ উদ্যোগে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
এদিকে, সরকারি দফতরে অযথা বারবার কাগজপত্র চাওয়া ও অনৈতিক অর্থ দাবির কারণে মানুষের যে অতিরিক্ত খরচ ও ভোগান্তি হয়, তা বন্ধের আহ্বান জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, এই হয়রানি জ্বালানি সংকটের মতো নয় যে সমাধানে দুই বছর সময় লাগবে। সরকার চাইলে এই ‘হয়রানি ট্যাক্স’ বন্ধ করতে পারে।





