কারাগারে ফোন ব্যবহার: সাবেক এমপির ডিভাইসে মিলল পর্ন ভিডিও

প্রকাশ:

ভারতের কর্নাটকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জনতা দল (সেক্যুলার)-এর সাবেক সংসদ সদস্য প্রজ্বল রেভান্নার কাছ থেকে জব্দ করা মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইসের ফরেনসিক বিশ্লেষণে বহু পর্ন ভিডিও পাওয়া গেছে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ১১ আগস্ট বেঙ্গালুরুর পরাপ্পানা আগ্রাহারা কেন্দ্রীয় কারাগারে অপরাধ শাখার কর্মকর্তারা আকস্মিক তল্লাশি চালান। এ সময় উচ্চনিরাপত্তার ব্যারাকে মোবাইল ফোন ব্যবহাররত অবস্থায় প্রজ্বল রেভান্নাকে আটক করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, চার্জার, পেনড্রাইভ ও একটি নোটবুক জব্দ করা হয়। পরে জব্দ করা এসব ডিভাইস ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষার প্রতিবেদনে মোবাইল ফোনে বহু পর্ন ভিডিও এবং পেনড্রাইভে বিভিন্ন ওয়েব সিরিজ পাওয়ার তথ্য উঠে এসেছে।

কারাগারের ভেতরে বিশেষ সুবিধাপ্রাপ্ত বা ‘ভিআইপি’ বন্দিদের সুযোগ-সুবিধা নিয়ে এ ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে। মোবাইল ফোন উদ্ধারের পর সংশ্লিষ্ট এক কারা কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কারাগারের নিয়ম অনুযায়ী, কোনো বন্দির ব্যক্তিগত মোবাইল ফোন, সিম কার্ড বা ইলেকট্রনিক যোগাযোগের ডিভাইস ব্যবহারের সুযোগ নেই। যোগাযোগের জন্য কেবল কঠোর নজরদারির আওতায় থাকা প্রাতিষ্ঠানিক ল্যান্ডলাইন, পাবলিক কল অফিস (পিসিও) এবং নির্দিষ্ট ভিডিও কল ব্যবহারের অনুমতি রয়েছে।

প্রজ্বল রেভান্না ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি এবং কেন্দ্রীয় মন্ত্রী এইচ ডি কুমারস্বামীর ভাতিজা। ধর্ষণ এবং এক নারীর যৌন নির্যাতনের ভিডিও ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে তিনি বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২১ সাল থেকে হাসান জেলার হোলেনারাসিপুরায় রেভান্না পরিবারের খামারবাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করা ৪৮ বছর বয়সী এক নারীকে তিনি একাধিকবার ধর্ষণ করেন। এসব ঘটনার ভিডিও ধারণ করে কাউকে জানালে সেগুলো প্রকাশ করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

শেয়ার করুন