চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা মোকাবিলায় দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী অমিত

প্রকাশ:

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিশেষ দায়িত্ব পেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (১০) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই দায়িত্ব অর্পণ করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বন্যাদুর্গত এলাকায় উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রমের সঙ্গে জড়িত সব সরকারি সংস্থার কাজের সমন্বয় করবেন প্রতিমন্ত্রী। বন্যা পরিস্থিতির কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, স্থানীয় প্রশাসনের কাছে থাকা ত্রাণ সামগ্রীর মজুত যাচাই এবং সামগ্রিক উদ্ধার কার্যক্রম মূল্যায়ন করবেন তিনি।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা, জেলা প্রশাসন ও স্থানীয় বাহিনীর কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ ও সমন্বয় নিশ্চিত করবেন। একই সঙ্গে, বন্যাকবলিত এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণ ও পুনর্বাসন পরিকল্পনা প্রণয়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার দায়িত্বও তার ওপর ন্যস্ত করা হয়েছে।

ত্রাণসামগ্রীর পর্যাপ্ততা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ ও তা তত্ত্বাবধানের পাশাপাশি বন্যা পরিস্থিতি ও গৃহীত কার্যক্রম সম্পর্কে নিয়মিত সরকারকে অবহিত করবেন প্রতিমন্ত্রী। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে প্রতিমন্ত্রীকে সব ধরনের প্রশাসনিক ও কারিগরি সহায়তা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন