কেরানীগঞ্জের আর্শীনগর এলাকার বাসিন্দা ফরহাদ হোসেন (২৫) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মঙ্গলবার দুপুরে আর্শীনগর এলাকার ‘রাজ’ নামক একটি সেলুনে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে বিকাল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফরহাদ ভোলা জেলার দোলারহাট উপজেলার নুরাবাদ গ্রামের বাসিন্দা ছিলেন এবং পরিবার নিয়ে কেরানীগঞ্জের আর্শীনগর এলাকার মেম্বার গলিতে থাকতেন।
নিহতের বন্ধু আরিফের ভাষ্যমতে, ফরহাদ মোহাম্মদপুর মহিরগোলা এলাকায় ফুটপাতে মাছের ব্যবসা করতেন। সেখানে এলেক্স গ্রুপের কিশোর গ্যাংয়ের সদস্য আরমান, সোহেল, কাল্লু, সাব্বিরসহ ১০-১৫ জন সন্ত্রাসী তাকে ব্যবসা করতে হলে চাঁদা দেওয়ার দাবি জানায়। তারা ফরহাদের কাছে এককালীন ৫০ হাজার টাকা এবং প্রতিদিনের জন্য আলাদা চাঁদা দাবি করেছিল। ফরহাদ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়।
ঘটনার দিন মঙ্গলবার দুপুরে ফরহাদ বাসার কাছেই একটি সেলুনে চুল কাটতে যান। এ সময় সাব্বির ও আরমানের নেতৃত্বে ১০-১৫ জন সন্ত্রাসী সশস্ত্র অবস্থায় সেখানে হামলা চালায় এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। স্বজনদের অভিযোগ, মোহাম্মদপুরে ফুটপাতে দোকান বসানো নিয়ে বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।





