চলমান ফিফা ২০২৬ বিশ্বকাপের ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনার পাশাপাশি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রাজনৈতিক ও কূটনৈতিক মহলের উপস্থিতি। আগামী রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই শিরোপা নির্ধারণী ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের। ম্যাচটি দেখার জন্য স্টেডিয়ামে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। টুর্নামেন্টের অন্য কোনো ম্যাচে তাকে দেখা না গেলেও ফাইনালের মঞ্চে তার উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। ম্যাচ শেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেওয়ার সময় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্প উপস্থিত থাকবেন।
একইভাবে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও ফাইনাল ম্যাচটি উপভোগ করতে নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে উপস্থিত থাকবেন। তার সফরসূচি নিয়ে শুরুতে কিছুটা অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত তা সমন্বয় করে ম্যাচে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। স্পেনের রাজপরিবারের সদস্যরাও এই ম্যাচে ভিআইপি বক্সে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
তবে এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে থাকছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। তিনি জানিয়েছেন, আগের ম্যাচগুলোর মতোই এবারও তিনি সরকারি বাসভবন থেকে খেলা দেখবেন। দলটি যেভাবে টুর্নামেন্টে এগিয়ে এসেছে, সেই ধারাবাহিকতা বজায় রাখতে নিজের ‘সৌভাগ্যের রীতি’ ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফুটবলের এই মহাযজ্ঞে আর্জেন্টিনা তাদের টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে মাঠে নামবে, অন্যদিকে স্পেন চাইবে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হতে। আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এই উপস্থিতি ফাইনাল ম্যাচটিকে বাড়তি গুরুত্ব দিচ্ছে।




