যুক্তরাষ্ট্রে নতুন ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘এক্স মানি’ চালু করলেন ইলন মাস্ক

প্রকাশ:

প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-কে (সাবেক টুইটার) একটি ‘এভরিথিং অ্যাপ’-এ রূপান্তরের লক্ষ্যে নতুন পদক্ষেপ নিয়েছেন। এরই অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘এক্স মানি’। বর্তমানে এই সেবাটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ১৮ বছর বা তার বেশি বয়সী এক্স প্রিমিয়াম ও প্রিমিয়াম প্লাস গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা ডিজিটাল ওয়ালেট, গ্রাহক-থেকে-গ্রাহক (পিয়ার-টু-পিয়ার) অর্থ লেনদেন, ডিপোজিট অ্যাকাউন্ট এবং ভার্চুয়াল ও ফিজিক্যাল কার্ড ব্যবহারের সুযোগ পাবেন। এক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবহারকারীরা কোনো অতিরিক্ত ফি বা লেনদেনের সীমা ছাড়াই একে অপরের কাছে অর্থ পাঠাতে, গ্রহণ করতে কিংবা অর্থের অনুরোধ করতে পারবেন। প্ল্যাটফর্মটির ডিপোজিট অ্যাকাউন্টগুলো যুক্তরাষ্ট্রের এফডিআইসি-সদস্য ক্রস রিভার ব্যাংকে সংরক্ষিত থাকবে এবং ২ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত আমানত বিমার আওতায় থাকবে।

এক্স মানি ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের জন্য বেশ কিছু সুবিধা রাখা হয়েছে। এর মধ্যে নির্দিষ্ট কেনাকাটায় ৩ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক, ডিরেক্ট ডিপোজিট চালু করলে প্রিমিয়াম গ্রাহকদের বার্ষিক সর্বোচ্চ ৬ শতাংশ সুদ পাওয়ার সুযোগ, নতুন গ্রাহকদের জন্য ১৫ ডলারের ওয়েলকাম বোনাস এবং ২৪ ঘণ্টার কাস্টমার সাপোর্ট অন্যতম। এছাড়া ব্যক্তিগত নাম খোদাই করা বিশেষ মেটাল কার্ডের সুবিধাও থাকছে। অ্যাপল ওয়ালেট ও অ্যাপল পে সমর্থিত হওয়ায় ব্যবহারকারীরা সহজেই ভার্চুয়াল কার্ড যুক্ত করে ডিজিটাল পেমেন্ট করতে পারবেন।

নিরাপত্তার বিষয়ে এক্স কর্তৃপক্ষ জানিয়েছে, প্ল্যাটফর্মটিতে পাসকি অথেনটিকেশন এবং ভিসার উন্নত নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এদিকে, ডিজিটাল পেমেন্ট, ব্যাংকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমকে একীভূত করে চীনের উইচ্যাট ও আলিপে-র আদলে একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম গড়ে তোলার এই উদ্যোগ নিয়ে মার্কিন আইনপ্রণেতাদের একাংশ নিরাপত্তা, ভোক্তা সুরক্ষা এবং আর্থিক ঝুঁকি সংক্রান্ত উদ্বেগ প্রকাশ করেছেন।

শেয়ার করুন