আর্জেন্টিনার জন্য বিশ্বকাপ সাজানো, রেফারিং নিয়ে ক্ষুব্ধ মিশর

প্রকাশ:

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে পক্ষপাতমূলক রেফারিংয়ের অভিযোগ তুলে উত্তপ্ত ফুটবল অঙ্গন। মিশরের কোচ হোসাম হোসেন এবং দলের তারকা খেলোয়াড় মোস্তফা জিকো সরাসরি ফিফা ও ম্যাচ পরিচালনাকারীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। ৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মিশর দুর্দান্ত লড়াই করলেও শেষ পর্যন্ত বাজে রেফারিংয়ের শিকার হতে হয়েছে বলে দাবি তাদের।

ম্যাচের ৫৮ মিনিটে মোস্তফা জিকোর করা একটি গোল ভিএআর (VAR) যাচাইয়ের পর বাতিল করা হয়, যা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করে মোস্তফা জিকো বলেন, ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনিই সর্বোত্তম অভিভাবক। রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের পুরো একটি দেশের পরিশ্রম নষ্ট করে দিয়েছেন। আমার মনে হয়, এই বিশ্বকাপটি কেবল আর্জেন্টিনার জন্যই সাজানো হয়েছে।’

মিশরের প্রধান কোচ হোসাম হোসেন আরও এক ধাপ এগিয়ে ম্যাচটিকে ‘পাতানো’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘আমরা জয়ের যোগ্য ছিলাম। ম্যাচের আগে থেকেই আর্জেন্টিনা রেফারির ওপর চাপ সৃষ্টি করেছিল, কারণ তিনি ফরাসি। ম্যাচের আগে ও চলাকালীন সময়ে ফলাফল প্রভাবিত হয়েছে। যদি আর্জেন্টিনাকেই জেতানো লক্ষ্য হয়, তবে আমাদের খেলতে ডাকা হলো কেন?’

কোচ হোসাম আরও অভিযোগ করেন যে, মিশর একটি স্পষ্ট পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে, যা ভিএআর-এ পর্যালোচনা পর্যন্ত করা হয়নি। দলের দ্বিতীয় গোলটি বাতিল করাকে তিনি নিষ্ঠুর সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে বলেন, পরিস্থিতি যাই হোক, তিনি তার অবস্থান থেকে সরবেন না এবং এটি যে পাতানো ম্যাচ ছিল তা সবাই দেখেছে।

শেয়ার করুন