রাজধানীর ফরটিস ডাউনটাউন রিসোর্ট অ্যান্ড গ্রাউন্ডসে অনুষ্ঠিত ‘ইফাদ পিলো চিপস প্রেজেন্টস ঢাকা ইন্টার স্কুল চ্যাম্পিয়নস লিগ (ডিআইএসসিএল) ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল এক রোমাঞ্চকর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে। টুর্নামেন্টের ফাইনালে বিআইটি স্কুলকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নৌবাহিনী কলেজ, ঢাকা। এই ফাইনাল ম্যাচে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বফুটবলের আর্জেন্টাইন কিংবদন্তি এবং দিয়েগো ম্যারাডোনার সাবেক সতীর্থ ক্লদিও ক্যানিজিয়া।
ঢাকার ৩৬টি খ্যাতনামা স্কুলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের মূল লক্ষ্য ছিল তরুণদের পুনরায় খেলার মাঠে ফিরিয়ে আনা। সমাপনী অনুষ্ঠানে ক্লদিও ক্যানিজিয়া বাংলাদেশের ফুটবলপ্রীতির ভূয়সী প্রশংসা করেন। তিনি তরুণ ফুটবলারদের উদ্দেশে বলেন, মানসম্মত প্রশিক্ষণ, প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা এবং মানসিক দৃঢ়তা নিশ্চিত করা গেলে বিশ্বমঞ্চে বাংলাদেশের ফুটবলারদের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। তার এই অনুপ্রেরণামূলক বক্তব্য মাঠে উপস্থিত তরুণ খেলোয়াড়দের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করে।
ইফাদ মাল্টিপ্রোডাক্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আরিফ জামান অনুষ্ঠানে বলেন, ডিজিটাল স্ক্রিন থেকে দূরে সরিয়ে তরুণ প্রজন্মকে মাঠমুখী করতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, ফুটবল শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, নেতৃত্ব এবং প্রতিকূলতা মোকাবিলার কৌশল তৈরি করে। তিনি অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকেও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এগিয়ে আসার আহ্বান জানান।
উৎসবমুখর এই সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। এছাড়া ইফাদ গ্রুপ, ফরটিস এফসি ও স্পোর্টাম্যাজিকার প্রতিনিধিরা এবং অংশগ্রহণকারী দলগুলোর শিক্ষক, অভিভাবক ও ফুটবল অনুরাগীরা উপস্থিত ছিলেন।





