ক্রীড়ার মাধ্যমে কূটনীতি, বন্ধুত্ব ও আন্তর্জাতিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দিতে রাজধানীর ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার (আইএসডি) ক্যাম্পাসে আয়োজিত হয়েছে দুই দিনব্যাপী ‘দ্বিতীয় ডিপ্লোম্যাটিক ইনডোর গেমস ২০২৬’। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে গত ২৮ ও ২৯ আগস্ট অনুষ্ঠিত এই আয়োজনটি ছিল ‘স্পোর্টস ডিপ্লোমেসি ইনিশিয়েটিভ ২০২৬’র উদ্বোধনী আসর।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বিভিন্ন দূতাবাস, হাইকমিশন, জাতিসঙ্ঘ সংস্থা, আন্তর্জাতিক সংস্থা ও সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই প্রতিযোগিতায় অংশ নেন। আলজেরিয়া, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ডেনমার্ক, মিসর, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, নেপাল, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিক ও প্রতিনিধিরা ছাড়াও জাতিসঙ্ঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইউএনডিপি, আইওএম, আইএফসি ও আইএসডির প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।
আইএসডির ডিরেক্টর মাইক মিলার জানান, কূটনৈতিক মহলের অতিথিদের ক্যাম্পাসে স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত। তিনি বলেন, বৈচিত্র্য ও আন্তর্জাতিক চেতনাকে ধারণ করা তাদের আইবি কারিকুলামের মূল লক্ষ্য এবং বিভিন্ন বৈশ্বিক প্রতিনিধি ও প্রতিষ্ঠানের এই ক্রীড়াসুলভ মেলবন্ধন সেই দর্শনেরই প্রতিফলন। আয়োজকদের মতে, প্রতিযোগিতার পাশাপাশি এই আয়োজন আন্তর্জাতিক প্রতিনিধিদল, স্বাগতিক মন্ত্রণালয় ও সহযোগী সংস্থাগুলোর মধ্যে যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করে দেয়। খেলা ও আনুষ্ঠানিকতার ফাঁকে অংশগ্রহণকারীরা একে অপরের সাথে পরিচিত হওয়ার সুযোগ পান।
২৯ আগস্ট বিজয়ীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই আয়োজন শেষ হয়। ব্যাডমিন্টন পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন হন আইওএমের সোহেল বড়ুয়া ও মো: মোর্শেদুল আলম মুন্না, রানার-আপ হন আইএসডির মানাস ও বৈশাক। মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন হন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জেসন ও সৈয়দা তাসমিন সুলতানা, রানার-আপ হন ইন্দোনেশিয়ার সাপতো সুদিয়ান্তো ও নূর। টেবিল টেনিস দ্বৈতে ডব্লিউএইচওর মো: রুহুল কুদ্দুস ও মো: মহসিন আজাদ চ্যাম্পিয়ন হন এবং একই সংস্থার নিউটন রনি দাস ও মো: সুজা উদ্দিন ভূঁইয়া রানার-আপ হন। এছাড়া টেবিল টেনিস এককে চ্যাম্পিয়ন হন ইউএনডব্লিউএফপির অয়ন দেওয়ান এবং রানার-আপ হন ডব্লিউএইচওর মো: রুহুল কুদ্দুস।
সমাপনী অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন। এ সময় ‘আলাপ’র নির্বাহী সম্পাদক আহরার হোসেন, মধুমতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান, ইবিএলের হেড অব ব্র্যান্ড, মার্কেটিং ও কমিউনিকেশনস জিয়াউল করিম, পূর্বাণী লাইফস্টাইল লিমিটেডের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট শাহজালাল সুমন এবং চেম্বার ওয়ানের আইনজীবী মারিয়া তানজিমাৎ উপস্থিত ছিলেন।





