জেলা ও উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশ:

দেশের জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোতে ৫০টি করে নতুন ডায়ালাইসিস বেড যুক্ত করা হচ্ছে এবং জেলা সদর হাসপাতালগুলোতে ১০টি করে বেড স্থাপন করা হচ্ছে। সাধারণ মানুষের সুবিধার্থে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ১০টি করে ডায়ালাইসিস বেডের ব্যবস্থা করা হচ্ছে। সোমবার রাজধানীর কারওয়ান বাজারের সোনারগাঁও হোটেলে ব্র্যাক আয়োজিত ‘সাসটেইনিং প্লে, লার্নিং অ্যান্ড স্কিলস ইন হিউম্যানিটারিয়ান কনটেক্সটস (স্প্ল্যাশ)’ শীর্ষক এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী দেশে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদানের প্রবণতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, একদল দালাল চক্র অন্তঃসত্ত্বা মায়েদের এমন চিকিৎসকদের কাছে নিয়ে যাচ্ছে, যারা সরাসরি সিজারিয়ান অপারেশনের দিকে ঝুঁকে থাকেন। এছাড়া অপারেশনের পর শিশুদের শালদুধ পান না করানোর ফলে তাদের পুষ্টি ও ভিটামিনের ঘাটতি দেখা দিচ্ছে। ইউনিসেফ ও বিভিন্ন দাতাদেশের প্রতিনিধিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তিনি জানান, এই দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধ করে স্বাভাবিক প্রসব প্রক্রিয়াকে উৎসাহিত করার সময় এসেছে এবং সরকার এ লক্ষ্যে কাজ করছে।

নিরাপদ প্রসব ও মা-শিশুর স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার প্রসূতি সেবায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পেশাদার মিডওয়াইফ এবং পরিচর্যাকারী নিয়োগ দেবে। তারা আধুনিক স্ক্রিনিং মেশিন নিয়ে সরাসরি গ্রামীণ মায়েদের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেবেন। এছাড়াও চলতি বছরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজি ল্যাবরেটরি স্থাপন করা হবে। মন্ত্রী জানান, ল্যাবরেটরির প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলতি মাসেই এর দরপত্র আহ্বান করা হবে।

সোমবার (১৩ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে কথাগুলো বলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী। ব্র্যাক আয়োজিত ‘সাসটেইনিং প্লে, লার্নিং অ্যান্ড স্কিলস ইন হিউম্যানিটারিয়ান কনটেক্সটস (স্প্ল্যাশ)’ উদ্যোগের উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন