ঢাকা ওয়াসার নতুন এমডি হিসেবে দায়িত্ব পেলেন ড. মনিরুজ্জামান

প্রকাশ:

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে অতিরিক্ত সচিব ড. মুহা: মনিরুজ্জামানকে পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নুর এ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মো: মনিরুজ্জামানকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নতুন এই নিয়োগের পাশাপাশি ঢাকা ওয়াসার বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক মো: আমিনুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। তাকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

ড. মনিরুজ্জামান একজন জ্বালানি ও পরিবেশ বিষয়ক গবেষক। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও মাস্টার্স ইন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (ফিন্যান্স) এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহাম থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। জ্বালানি দারিদ্র্য ও জ্বালানি ন্যায্যতা (এনার্জি পোভার্টি অ্যান্ড এনার্জি জাস্টিস) বিষয়ে এলসেভিয়ার জার্নালে তার গবেষণামূলক প্রকাশনা রয়েছে।

শেয়ার করুন