বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দিল্লিতে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আমন্ত্রণ জানানোর বিষয়টি স্পষ্ট করেন।
একই ব্রিফিংয়ে বাংলাদেশে জ্বালানি সরবরাহের বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গিও তুলে ধরা হয়। বাংলাদেশে বিদ্যমান জ্বালানিসংকট এবং নতুন করে জ্বালানি সহায়তার অনুরোধ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র জানান, বাংলাদেশে জ্বালানি সরবরাহের বিষয়টিকে ভারত ইতিবাচকভাবে বিবেচনা করছে।
রণধীর জয়সওয়াল বলেন, ডিজেল সরবরাহের জন্য বাংলাদেশের সঙ্গে ভারতের একটি চলমান চুক্তি রয়েছে, যা এখনো অব্যাহত আছে। তিনি আরও জানান, বাংলাদেশের পক্ষ থেকে অতিরিক্ত জ্বালানি সরবরাহের যে অনুরোধ করা হয়েছে, তা ভারতের অভ্যন্তরীণ চাহিদা, নিজেদের শোধন ক্ষমতা এবং দেশে ডিজেলের সার্বিক প্রাপ্যতার বিষয়টি বিবেচনায় রেখে পর্যালোচনা করা হবে।





