বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ব্যবস্থাপনায় এবং ‘কিউট’ ব্র্যান্ডের পৃষ্ঠপোষকতায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৬’। ঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সের বিভিন্ন ভেন্যুতে আয়োজিত এই কার্নিভালের উদ্বোধনী দিনে ক্যারাম ইভেন্টের মাধ্যমে খেলার সূচনা হয়।
জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) ও জাতীয় দলের সাবেক ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী এবং কিউট এর নির্বাহী পরিচালক মিসেস আসমা আশরাফী সাকলাইন যৌথভাবে এই কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিএসপিএ’র যুগ্ম-সম্পাদক ফয়সাল তিতুমীর সঞ্চালনা করেন।
এবারের আসরে বিএসপি’র শতাধিক সদস্য মোট ৮টি ইভেন্টের ১২টি ডিসিপ্লিনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডিসিপ্লিনগুলোর মধ্যে রয়েছে আর্চারি, ক্যারম (একক ও দ্বৈত), টেবিল টেনিস (একক ও দ্বৈত), দাবা, সাঁতার, অ্যাথলেটিক্স (১০০ মিটার ও শটপুট), কার্ড গেম (কলব্রিজ ও টোয়েন্টি নাইন) এবং শুটিং।
উদ্বোধনী অনুষ্ঠানে বিএসপিএ’র সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ স্বাগত বক্তব্যে কার্নিভালের রোমাঞ্চ উপভোগ করার আহ্বান জানানোর পাশাপাশি সরকার ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান। সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাহেদ পারভেজ চৌধুরী। এছাড়া কিউট-এর নির্বাহী পরিচালক মিসেস আসমা আশরাফী সাকলাইন ভবিষ্যতে খেলাধুলার উন্নয়নে কিউট-এর পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী আয়োজনে সংগঠনের আজীবন সদস্য সেলিম নজরুল হক, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক মল্লিক ও মো. সামন হোসেন, অর্থ সম্পাদক শাহজাহান কবির, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দিন রাসেল এবং ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহিদুল আলমসহ বিএসপিএ’র অনেক সদস্য উপস্থিত ছিলেন।





