কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগের কমিটি বিলুপ্ত করে নতুন আট সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ঘোষিত নতুন কমিটিতে আবুল হাশেমকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির বাকি সাতজন সদস্য যুগ্ম আহ্বায়ক হিসেবে কাজ করবেন। তারা হলেন—সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, মো. মহিউদ্দিন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী, ওসমান গণি ভূঁইয়া এবং সুফিয়া খাতুন।
দলীয় সূত্রে জানা গেছে, এর আগে ২০২২ সালের ২৯ মে মো. আক্তারুজ্জামান সরকারকে আহ্বায়ক এবং এ এফ এম তারেক মুন্সীকে সদস্য সচিব করে কুমিল্লা উত্তর জেলা বিএনপির ৪১ সদস্যের একটি কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল। নতুন কমিটি ঘোষণার মাধ্যমে আগের সেই কমিটিটি বিলুপ্ত করা হয়েছে।
নবগঠিত এই আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের আয়োজন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।





