ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

প্রকাশ:

ফেনীর দাগনভূঞা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫: ১০। বুধবার বিকেলে দাগনভূঞা পৌর শহরের আতাতুর্ক স্কুল মার্কেটের সামনে এই সংঘর্ষে সাংবাদিকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল থেকেই উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন এবং সাবেক জেলা ছাত্রদল নেতা কাজী জামসেদুর রহমান ফটিকের অনুসারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি সামাল দিতে পৌর শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। বিকেলে আকবর হোসেনের গ্রুপের নেতাকর্মীরা আতাতুর্ক স্কুল মিলনায়তনে আলোচনা সভা শেষ করে বের হওয়ার সময় প্রতিপক্ষ ফটিকের গ্রুপের লোকজন তাদের ধাওয়া করে এবং বোতল ছুড়ে মারে। এর জবাবে অপর পক্ষ থেকে জুতা ছুড়ে মারা হলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষ একে অপরের ওপর বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে।

সংঘর্ষে সাখাওয়াত হোসেন টিপু ও ফখরুল ইসলাম নামে দুই সংবাদকর্মীসহ আকবর গ্রুপের ৩৫-৪০ জন এবং ফটিক গ্রুপের ১০-১২ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। সাবেক ছাত্রদল নেতা জামশেদুর রহমান ফটিক জানান, র‍্যালি নিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের হামলার মুখে তার লোকজন উত্তেজিত হয়ে পড়েছিল। তিনি দাবি করেন, এ ঘটনায় তার গ্রুপের নাইমুর রহমান, রিয়াজ, হুমায়ুন আহমদ, রাব্বি ও রায়হানসহ অন্তত ১০-১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে রাব্বি হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে, উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন অভিযোগ করেন যে, আলোচনা সভা শেষে বের হওয়ার সময় বহিষ্কৃত ফটিকের নেতৃত্বে সশস্ত্র হামলা চালানো হয়েছে। তিনি জানান, এই হামলায় তার স্ত্রী ও উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন আকবর, পৌর যুবদলের সদস্যসচিব ইকবাল সুজন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মানিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিজাম হায়দার ও উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক এম সাইফুল ইসলাম দুলালসহ তাদের পক্ষের ৩৫-৪০ জন আহত হয়েছেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল আজিম নোমান জানান, সংঘর্ষের আশঙ্কায় সকাল থেকেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। এরপরও বিবাদমান পক্ষ দুটি সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি জানিয়েছেন।

শেয়ার করুন