ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে এ মর্মান্তিক সীমান্ত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আসাদুল হক পীরগঞ্জ উপজেলার ইন্দ্রইল গ্রামের বাসিন্দা ওয়াজেদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোররাতে আসাদুলসহ মোট পাঁচজন বাংলাদেশি চান্দেরহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় ভারতের কালিয়াগঞ্জের চকসিবানন্দ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে আসাদুল গুলিবিদ্ধ হন। ঘটনার সময় বিএসএফের হাতে আরও দুজন বাংলাদেশি আটক হয়েছেন এবং একজন পালিয়ে আসতে সক্ষম হয়েছেন। এছাড়া আরও একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আটক ও নিখোঁজ ব্যক্তিদের পূর্ণাঙ্গ নাম-পরিচয় পাওয়া যায়নি।
গুলিবিদ্ধ আসাদুলকে বিএসএফ সদস্যরা উদ্ধার করে ভারতের রায়গঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শনিবার বিকেলে ওই হাসপাতালেই তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
এদিকে, ভারতীয় গণমাধ্যমে এ ঘটনার সংবাদ প্রচার করা হলেও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চান্দেরহাট ক্যাম্পের ইনচার্জ জানিয়েছেন যে, তিনি এ বিষয়ে অবগত নন। তবে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল হাকিম বিষয়টি শুনেছেন বলে নিশ্চিত করেছেন এবং এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন বলে জানিয়েছেন।





