সম্ভাব্য ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’কে বাংলাদেশ ইতিবাচক দৃষ্টিতে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন। প্রতিমন্ত্রী স্পষ্ট করেন যে, ইসলামিক দেশগুলোর মধ্যে যদি এমন কোনো প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়, তবে তাতে বাংলাদেশের যোগদান করাটা অস্বাভাবিক কোনো বিষয় হবে না।
হুমায়ুন কবির বলেন, ‘মক্কা ডিফেন্স প্যাক্টে আমরা আগ্রহ প্রকাশ করছি।’ তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি দেশ হিসেবে বাংলাদেশ বিভিন্ন উদ্যোগে অংশ নিতে আগ্রহী। এছাড়া মধ্যপ্রাচ্যের অংশীজন ও বিশ্ব মুসলিম সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বাংলাদেশের নেতৃত্বকে বিভিন্ন আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছেন। মক্কা শহরটি মানুষের হৃদয়ে একটি বিশেষ জায়গা দখল করে আছে বলেও তিনি মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী আরও জানান, গত ছয় মাসে বাংলাদেশ তার পররাষ্ট্রনীতির একটি নতুন কৌশলগত কাঠামো তৈরি করেছে। এই ভিত্তির ওপর দাঁড়িয়েই এখন বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
নিজের নতুন দায়িত্ব প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে তিনি গত ছয় মাস ধরে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কাজ করেছেন, তাই এই দায়িত্বটি তার জন্য পুরোপুরি নতুন নয়। প্রধানমন্ত্রীর নির্দেশে আগের কাজের ধারাবাহিকতা বজায় রেখে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও গণমাধ্যমের সহযোগিতায় বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।





