২৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের লক্ষ্য ২০০ রান

প্রকাশ:

হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে দুর্দান্ত বোলিং নৈপুণ্যে জিম্বাবুয়েকে ১৯৯ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়াতে টাইগারদের এখন জয়ের জন্য প্রয়োজন ২০০ রান। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের পরিকল্পনা শুরু থেকেই সফল ছিল।

বোলিংয়ের শুরুতেই শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদের তোপে মাত্র ২৭ রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। দলীয় ১২ রানে বেন কারানকে ফিরিয়ে শরীফুল প্রথম সাফল্য এনে দেন। এরপর তাসকিনের বলে ব্রায়ান বেনেট এবং শরীফুলের দ্বিতীয় শিকার হন ক্রেইগ আরভিন। শুরুর বিপর্যয় সামাল দিয়ে ওয়েসলি মাধেভেরে ও ইনোসেন্ট কায়া হাল ধরার চেষ্টা করেন। কায়া ৬৭ বলে ২৫ রান করে ৭৮ রানের মাথায় সাজঘরে ফেরেন। এরপর সিকান্দার রাজা ১১ রান এবং ক্লিভ মাদান্দে ১ রান করে আউট হন।

একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যাওয়া মাধেভেরে ৭৪ বলে ৭৫ রান করে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। ইনিংসের শেষ দিকে ব্র্যাড ইভান্সের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবুয়ে দুইশর কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয়। ইভান্স ৪৩ বলে ৫০ রান করেন। শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে ১৯৯ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।

বাংলাদেশের পক্ষে শরীফুল ইসলাম ১০ ওভারে ৪৪ রান দিয়ে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন। এছাড়া তাসকিন আহমেদ ও তানভীর ইসলাম দুটি করে উইকেট পান এবং সাইফউদ্দিন একটি উইকেট লাভ করেন। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কোনো উইকেট পাননি। সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশকে হোয়াইটওয়াশ এড়াতে এখন ব্যাটিংয়ে ভালো করতে হবে।

শেয়ার করুন