জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারের তিক্ততা ভুলে দ্বিতীয় ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। বুলাওয়েতে অনুষ্ঠিত লড়াইয়ে সফরকারীরা ৩৪ রানের জয় তুলে নিয়ে সিরিজে ১-১ সমতা ফেরাল। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। দলের হয়ে তানজিদ তামিম সর্বোচ্চ ৫৮ রান করেন।
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই তামিম ও সাইফ দুর্দান্ত জুটি গড়েন। যদিও ইনিংসের শুরুতে দুজনেই কয়েকবার জীবন পেয়েছিলেন, তবে সেই সুযোগ কাজে লাগিয়ে দুজনেই ফিফটি তুলে নেন। ৩৩ বলে ফিফটি পূর্ণ করা তামিম শেষ পর্যন্ত ৪৪ বলে ৫৮ রান করে বিদায় নেন। অপর ওপেনার সাইফ ৪৫ বলে ৫৫ রান করেন। দুই ওপেনারের বিদায়ের পর তাওহিদ হৃদয়, পারভেজ ইমন ও নুরুল হাসান সোহান দ্রুত আউট হলেও শেষদিকে ইয়াসির ও সাইফউদ্দিনের ঝোড়ো ব্যাটিংয়ে দলের সংগ্রহ বড় হয়। ইয়াসির ১২ বলে অপরাজিত ২২ এবং সাইফউদ্দিন মাত্র ১০ বলে অপরাজিত ৩১ রান করেন।
১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি এবং ডিয়ন মায়ার্স কেউই সুবিধা করতে পারেননি। কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন সিকান্দার রাজা, যিনি কাউন্টার অ্যাটাক করে ১২ বলে ২৮ রান করেন, তবে রিশাদ হোসেন তাকে থামিয়ে দিলে জিম্বাবুয়ের জয়ের আশা ক্ষীণ হয়ে পড়ে। এরপর রায়ান বার্ল ও ব্রাড ইভান্সরা চেষ্টা করলেও ১৯ ওভার ৪ বলে ১৫২ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।



