দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচে ইনিংস ও ৪১৩ রানের বিশাল ব্যবধানে স্বাগতিকদের কাছে হারতে হয়েছে সফরকারীদের। দুই ইনিংসেই দলের ব্যাটিং লাইনআপ চরম বিপর্যয়ের মুখে পড়ে। নাইম শেখ, মাহমুদুল হাসান জয় এবং আফিফ হোসেনদের মতো ব্যাটাররা প্রত্যাশিত পারফরম্যান্স করতে ব্যর্থ হয়েছেন।
এই শোচনীয় হারের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্কোয়াডে বড় ধরনের রদবদল এনেছে। দলে ছয়টি পরিবর্তন নিশ্চিত করা হয়েছে। বাদ পড়েছেন শাহাদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির হাসান, এনামুল হক বিজয়, ইকবাল হোসেন ইমন এবং কালাম সিদ্দিকী অলিন।
আগামী ৩০ আগস্ট পচেফস্ট্রুমে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচটি শুরু হবে। এরপর ৬, ৯ ও ১২ সেপ্টেম্বর বাংলাদেশ ও প্রোটিয়া ‘এ’ দলের মধ্যে ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। ওয়ানডের ভেন্যুগুলো হলো ব্লুমফন্টেইন, কিম্বার্লি ও পচেফস্ট্রুম।
দ্বিতীয় চার দিনের ম্যাচের জন্য ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে রয়েছেন নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন ধ্রুব, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, হাসান মুরাদ, নাঈম হাসান, আল ফাহাদ, রেজাউর রহমান রাজা, জাকের আলি অনিক, মুশফিক হাসান, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিশাদ হোসেন।





