ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন: আসিফ নজরুল

প্রকাশ:

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণা দেওয়ার প্রেক্ষিতে তাকে দ্রুত দেশে ফেরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার দুপুর ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।

ড. আসিফ নজরুল তার স্ট্যাটাসে উল্লেখ করেন, বর্তমান সরকার ও এর আগে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। সরকার তাকে আইনের আওতায় এনে বিচার করতে চায়। এখন যদি শেখ হাসিনা সত্যিই দেশে ফেরার আগ্রহ প্রকাশ করে থাকেন, তবে ডিসেম্বরের জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন। বাংলাদেশের জনগণের সামনে এবং আদালতের সামনে আপনার অনেক প্রশ্নের জবাব দেওয়ার আছে।’

সাবেক এই আইন উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় শত শত মানুষের প্রাণহানির দায়, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, আয়নাঘর এবং ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচারের মতো অভিযোগের বিষয়ে শেখ হাসিনাকে ব্যাখ্যা দিতে হবে। এছাড়া দীর্ঘ সময় ভোটাধিকার বঞ্চিত থাকা এবং দেশকে ভারতের আজ্ঞাবহ রাষ্ট্রে পরিণত করার অভিযোগ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

আসিফ নজরুল আরও লেখেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের আগেই বিদেশে পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু আওয়ামী লীগের সাধারণ নেতা-কর্মীদের আইনি ও রাজনৈতিক পরিণতির ভার বহন করতে হয়েছে। তিনি বলেন, ‘যদি সত্যিই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আর বিলম্ব করবেন না। ফিরে আসুন, আইনের মুখোমুখি হোন এবং আদালতে আপনার অবস্থান তুলে ধরুন। আর যদি দেশে ফেরার বাস্তব পরিকল্পনা না থাকে, তাহলে বারবার ফেরার ঘোষণা দিয়ে নিজের দলের সাধারণ নেতা-কর্মীদের বিভ্রান্ত বা অপ্রয়োজনীয় ঝুঁকির মধ্যে ফেলবেন না।’

উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার রাতে যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণা দেন এবং নির্বাসনে থাকা দলীয় নেতাদেরও তার সঙ্গে দেশে ফেরার আহ্বান জানান।

শেয়ার করুন