পার্বত্য চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় নিরলস কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

প্রকাশ:

পার্বত্য চট্টগ্রামে চলমান ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং পাহাড়ধসের কারণে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে একযোগে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। দুর্গত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা, ত্রাণ সহায়তা প্রদান, নিরাপদ স্থানে স্থানান্তর এবং ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে সেনাবাহিনী নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভূমিধস ও জলাবদ্ধতায় যেসব সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, সেখানে সেনাবাহিনীর সদস্যরা বিশেষ প্রকৌশল সরঞ্জাম ও ভারী যন্ত্রপাতির মাধ্যমে ধ্বংসাবশেষ ও মাটি অপসারণ করে চলাচলের উপযোগী করার কাজ করছেন। এছাড়া পাহাড়ধসের উচ্চ ঝুঁকিতে থাকা এলাকা থেকে এখন পর্যন্ত প্রায় ২২১টি পরিবারকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

দুর্যোগের কবলে পড়া পর্যটকদের উদ্ধারেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে সেনাবাহিনী। এর মধ্যে বান্দরবান থেকে ১৪০ জন এবং সাজেকে আটকে পড়া প্রায় ৬০০ জন পর্যটকের মধ্যে প্রথম ধাপে ১৫০ জনকে স্থানীয় প্রশাসনের সহায়তায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। অবশিষ্ট পর্যটকদেরও পর্যায়ক্রমে নিরাপদ স্থানে স্থানান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে রান্না করা খাবার, শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং অন্যান্য জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে পাহাড়ি ও বাঙালি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে চাল, ডাল, তেল ও আলুর মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। আইএসপিআর আরও জানিয়েছে যে, সেনাবাহিনী সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার সাথে সমন্বয় করে উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখবে।

শেয়ার করুন