ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত পর্যায়ের লড়াই এখন সেমিফাইনালে এসে ঠেকেছে। ফিফা র্যাংকিংয়ের শীর্ষ চার দল এখন শিরোপার খুব কাছে। ফাইনালে ওঠার লড়াইয়ে একদিকে যেমন ফ্রান্স ও স্পেন মুখোমুখি হচ্ছে, তেমনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে মাঠে নামছে ইংল্যান্ড। সেমিফাইনালে পৌঁছানো প্রতিটি দলই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য ও মনোবল রাখে। তবে শক্তিমত্তা ও অতীতের পরিসংখ্যানের ভিত্তিতে অপ্টা সুপার কম্পিউটার এই ম্যাচগুলোর একটি গাণিতিক বিশ্লেষণ তুলে ধরেছে।
অপ্টা সুপার কম্পিউটারের মতে, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে। তবে এই লড়াইয়ে আর্জেন্টিনাকে নয়, বরং ইংল্যান্ডকেই কিছুটা এগিয়ে রাখছে সুপার কম্পিউটার। তাদের তথ্য অনুযায়ী, ইংলিশদের ফাইনাল খেলার সম্ভাবনা ৫০.৯৬ শতাংশ, যেখানে আর্জেন্টিনার ক্ষেত্রে এই হার ৪৯.০৪ শতাংশ।
ম্যাচ জয়ের সম্ভাবনার ক্ষেত্রে দেখা যাচ্ছে, নির্ধারিত ৯০ মিনিটে হ্যারি কেনদের জয়ী হওয়ার সম্ভাবনা ৩৮.৯ শতাংশ। অন্যদিকে, আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা দেখানো হয়েছে ৩৪.১০ শতাংশ। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে কোনো ফলাফল না আসার অর্থাৎ ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে ২৭ শতাংশ।
পুরো টুর্নামেন্ট বিবেচনায় শিরোপা জয়ের দৌড়েও ইংল্যান্ডকে সামান্য ব্যবধানে এগিয়ে রেখেছে সুপার কম্পিউটার। তাদের হিসাব অনুযায়ী, এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ইংল্যান্ডের ২১.৯৪ শতাংশ এবং আর্জেন্টিনার ক্ষেত্রে তা ২০.৫৫ শতাংশ।





