বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বেকারত্ব নিরসন এবং আধুনিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৯০ দিন মেয়াদি ‘ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং (আনসার/ভিডিপি-পুরুষ)’ প্রশিক্ষণ কোর্সের প্রার্থী বাছাই সম্পন্ন হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরের প্রকল্প প্রশিক্ষণ শাখার অধীনে এই বিশেষ কর্মসূচিটি আগামী ১৬ আগস্ট থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত হবে।
বুধবার (১২ আগস্ট) জেলা কমান্ড্যান্টদের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটির মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে এই চূড়ান্ত বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। নির্বাচিত প্রশিক্ষণার্থীরা গাজীপুরের আনসার ও ভিডিপি একাডেমি ছাড়াও কিশোরগঞ্জ, কুমিল্লা, বরিশাল, বগুড়া, সিলেট, ঝালকাঠি, ঝিনাইদহ, নোয়াখালী, পাবনা ও কক্সবাজারের মোট ১১টি কেন্দ্রে প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। প্রতিটি কেন্দ্র থেকে ২৪ জন করে মোট ২৬৪ জন প্রার্থীকে এই কোর্সের জন্য নির্বাচন করা হয়েছে।
প্রার্থী নির্বাচনে তাদের মৌলিক প্রশিক্ষণ, শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার চালনায় দক্ষতাকে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে কেন্দ্রীয় সদর দপ্তরের প্রণীত প্রশ্নের ভিত্তিতে গুগল ফরমের মাধ্যমে লিখিত পরীক্ষা, শারীরিক যাচাই এবং ভাইভা গ্রহণ করা হয়। চূড়ান্তভাবে নির্বাচিতদের খুব শীঘ্রই এসএমএসের মাধ্যমে ফলাফল জানানো হবে। বিনা খরচে সরকারি অর্থায়নে আধুনিক এই প্রশিক্ষণের সুযোগ পেয়ে অংশ নেওয়া প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছেন, এটি বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





