সার ব্যবস্থাপনা তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু

প্রকাশ:

সার সরবরাহ, মজুদ, পরিবহন ও বিতরণের সার্বিক পরিস্থিতি তদারকি করতে কৃষি মন্ত্রণালয় একটি ‘সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম’ চালু করেছে। মাঠপর্যায়ে সার নিয়ে কোনো ধরনের অনিয়ম বা সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব মো. মাকছুদুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে। প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পিএম।

মন্ত্রণালয়ের ৫২৮ নম্বর কক্ষে এই কন্ট্রোল রুমের কার্যক্রম পরিচালিত হবে। ১১ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দুই শিফটে এর কার্যক্রম চলবে। প্রথম শিফট সকাল ৮টা থেকে বেলা ৩টা এবং দ্বিতীয় শিফট বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্ধারিত রয়েছে। কন্ট্রোল রুমের সার্বিক তদারকির দায়িত্বে থাকবেন অতিরিক্ত সচিব (সার ব্যবস্থাপনা ও উপকরণ)। প্রতিটি শিফটের জন্য ২৭টি দল গঠন করা হয়েছে, যার প্রতিটিতে একজন কর্মকর্তা, একজন প্রশাসনিক কর্মকর্তা ও একজন অফিস সহায়ক রয়েছেন।

কন্ট্রোল রুমের প্রধান দায়িত্বের মধ্যে রয়েছে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সার সরবরাহ ও মজুদের তথ্য নিয়মিত সংগ্রহ করা। পরিবহন অনিয়ম, কৃত্রিম সংকট, অবৈধ মজুদ, কালোবাজারি বা অতিরিক্ত দামে সার বিক্রির তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করতে হবে। এছাড়া কৃষক ও ডিলারদের কাছ থেকে আসা অভিযোগের ভিত্তিতে জরুরি সমন্বয় ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রতিদিনের সার পরিস্থিতি ও গৃহীত ব্যবস্থার তথ্য একটি রেজিস্টারে সংরক্ষণ করতে হবে এবং এর ভিত্তিতে দৈনিক ও সাপ্তাহিক প্রতিবেদন তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত সারসংক্রান্ত অভিযোগগুলোও যাচাই করে মাঠপর্যায়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

কন্ট্রোল রুমের সাথে যোগাযোগের জন্য ০৫০৩৫১ নম্বরটি নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ই-মেইল, হোয়াটসঅ্যাপ ও মোবাইল ফোনের মাধ্যমে তথ্য ও অভিযোগ গ্রহণ করা হবে। শিফট পরিবর্তনের সময় দায়িত্ব যথাযথভাবে হস্তান্তর নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন