বৃহস্পতিবার বেলা ১১টা ৩০ মিনিটে বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে আয়োজিত প্রথম দরবারে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিনি দায়িত্ব গ্রহণের আগেই দল, সংসদ ও মন্ত্রীপরিষদ থেকে পদত্যাগ করেছেন। তিনি এখন সম্পূর্ণ একজন দলনিরপেক্ষ মানুষ এবং নিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করে যাবেন। তিনি স্পষ্ট করেন যে, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় কারো প্রতি তার কোনো রাগ-অনুরাগ থাকবে না, বরং দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থই হবে তার একমাত্র লক্ষ্য।
রাষ্ট্রপতি বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের নিষ্ঠা, সততা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতে জনগণের আস্থা অর্জন নিশ্চিত করতে হবে। এছাড়া বঙ্গভবনকে রাষ্ট্রীয় মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে উল্লেখ করে তিনি এর মর্যাদা অক্ষুণ্ণ রাখার ওপর জোর দেন। কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের প্রতি এবং দেশের মানুষের প্রতি ভালোবাসা, সম্মান ও আনুগত্য থাকতে হবে।
রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে বঙ্গভবনের দৈনন্দিন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কঠোর গোপনীয়তার সঙ্গে পরিচালনার নির্দেশ দেন তিনি। পাশাপাশি রাষ্ট্রীয় ব্যয়ের ক্ষেত্রে সাশ্রয়ী ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের অর্থেই সরকারি সম্পদ পরিচালিত হয়, তাই এর স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করা জরুরি। এছাড়া তিনি কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত জীবনে শৃঙ্খলা মেনে চলার এবং নৈতিক মনোবল গঠনের পরামর্শ দেন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি রাষ্ট্রপতি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও কৃতিত্বের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি পূর্ববর্তী সব রাষ্ট্রপতির প্রতিও শ্রদ্ধা জানান। বঙ্গভবনকে একটি পরিবারের মতো উল্লেখ করে তিনি সবার সঙ্গে মিলেমিশে সমস্যা সমাধানের আশা প্রকাশ করেন।





