মার্কিন নিষেধাজ্ঞার পরও আইসিসির কার্যক্রম চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় আকানের

প্রকাশ:

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে স্পষ্ট জানিয়েছেন যে, মার্কিন চাপের মুখে আদালত কোনোভাবেই পিছু হটবে না। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার কারণে তার ব্যক্তিগত ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ বন্ধ হয়ে গেলেও, তিনি আইসিসির কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আকানে বলেন, আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও আমরা হাল ছাড়ব না।

আকানে জোর দিয়ে বলেন, আইসিসির মতো একটি স্থায়ী প্রতিষ্ঠানকে কখনোই বন্ধ হতে দেওয়া উচিত নয়। আমরা এটি বন্ধ হতে দিতে পারি না এবং আমাদের সর্বশক্তি দিয়ে এই পরিস্থিতির প্রতিরোধ করব। উল্লেখ্য, ইসরায়েলি এবং সম্ভাব্য মার্কিন কর্মকর্তাদের যুদ্ধাপরাধের তদন্তের কারণে আইসিসিকে কার্যত নিষ্ক্রিয় করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উদ্যোগ নিয়েছেন। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে আকানে ছাড়াও আইসিসির সেনেগালিজ জ্যেষ্ঠ ট্রায়াল আইনজীবী আবদুলায়ে সেইয়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। এর আগেও ইসরায়েলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার তদন্তের জেরে আইসিসির বেশ কয়েকজন কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আইসিসির বৃহত্তম অর্থদাতা দেশ জাপান। মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সরকারের নিন্দা যথেষ্ট নয় বলে সমালোচনা থাকলেও, তাকাইচি মঙ্গলবার বলেছেন যে, এমন গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানকে রক্ষা করা জাপানের দায়িত্ব। তিনি আরও যোগ করেন যে, জাপান যখন এবং যেখানে প্রয়োজন হবে, সেখানে হস্তক্ষেপ করবে।

নিজের অবস্থান ব্যাখ্যা করে তোমোকো আকানে আশা প্রকাশ করেন যে, আইসিসির সবচেয়ে বড় অর্থদাতা হিসেবে জাপান মার্কিন চাপের মুখে কার্যকর পদক্ষেপ নেবে। তিনি বলেন, আমি আশা করি জাপান সেইসব কম শক্তিশালী সদস্য দেশগুলোর কাছে পৌঁছাবে যারা মার্কিন চাপের মুখে আইসিসি ছেড়ে দেওয়ার চিন্তা করছে এবং তাদের ঐক্যবদ্ধ থাকতে উৎসাহিত করবে।

শেয়ার করুন