দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের নতুন সামরিক স্থাপনা শনাক্ত

প্রকাশ:

দক্ষিণ চীন সাগরের পারাসেল দ্বীপপুঞ্জের একটি ছোট দ্বীপে বেইজিং নতুন করে সামরিক স্থাপনা নির্মাণ করছে বলে স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইয়াগং দ্বীপে এই নির্মাণকাজ চলছে, যা ওই অঞ্চলে চীনের সামরিক উপস্থিতি আরও শক্তিশালী করতে পারে। বাণিজ্যিক স্যাটেলাইট ছবি সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যান্টর জানিয়েছে, সর্বশেষ ১৭ আগস্ট তোলা ছবিতে এই নির্মাণকাজের প্রমাণ পাওয়া গেছে। ছবিগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, এই কার্যক্রম মূলত মার্চ ও এপ্রিল মাসের দিকে শুরু হয়েছিল।

এই দ্বীপটি অ্যান্টিলোপ রিফের মাত্র ১৪ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, সেখানে নির্মাণকাজের প্রথম ধাপ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ এই কৃত্রিম দ্বীপটির এক পাশে ৩ কিলোমিটারের বেশি দীর্ঘ একটি সরল উপকূল তৈরি হয়েছে। বিশ্লেষকরা ধারণা করছেন, সেখানে রানওয়ে তৈরি করা হতে পারে। যদিও বেইজিং এখনো এই স্থাপনাগুলোর সুনির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

ভ্যান্টরের একজন মুখপাত্রের মতে, স্থাপনাগুলোর আকৃতি দক্ষিণ চীন সাগরের অন্যান্য এলাকায় থাকা সামরিক রাডার ও আগাম সতর্কীকরণ কেন্দ্রের সাথে সাদৃশ্যপূর্ণ। সিঙ্গাপুরভিত্তিক নিরাপত্তা গবেষক কলিন কোহও এটিকে সম্ভবত একটি রাডার স্টেশন বলে মনে করছেন, তবে এর ছোট আয়তনের কারণে এটি স্বতন্ত্র কোনো পর্যবেক্ষণ কেন্দ্রও হতে পারে। চীন অবশ্য এখন পর্যন্ত সেখানে নতুন কোনো সামরিক ঘাঁটি নির্মাণের কথা নিশ্চিত করেনি। উল্লেখ্য, ১৯৭৪ সালে সাবেক দক্ষিণ ভিয়েতনামের নৌবাহিনীর কাছ থেকে চীন পারাসেল দ্বীপপুঞ্জ দখল করে নেয়, যদিও ভিয়েতনাম এখনো পুরো দ্বীপপুঞ্জটির ওপর নিজেদের মালিকানা দাবি করে আসছে।

শেয়ার করুন