দুর্নীতি দমন কমিশনের (দুদক) শীর্ষ পর্যায়ের তিন কর্মকর্তার দায়িত্ব পুনর্বণ্টন ও বদলি করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সংস্থাটির প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মোহাম্মদ নাজমুল হাসানের সই করা এক কার্যালয় আদেশে এই রদবদলের বিষয়টি নিশ্চিত করা হয়।
আদেশ অনুযায়ী, মহাপরিচালক মো. মোজাম্মেল হককে মানিলন্ডারিং বিভাগের মহাপরিচালক পদ থেকে সরিয়ে প্রতিরোধ বিভাগের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, মহাপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীকে তার বর্তমান পদ মহাপরিচালক (বিশেষ তদন্ত) পদে বহাল রেখে অতিরিক্ত দায়িত্ব হিসেবে মানিলন্ডারিং বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে পরিচালক দাউদ হোসেন চৌধুরীকে অর্থ ও হিসাব বিভাগ থেকে সরিয়ে পরিচালক (দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ) সেলে বদলি করা হয়েছে। কার্যালয় আদেশে আরও বলা হয়েছে, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।





