শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কোম্পানির প্রস্তাব

প্রকাশ:

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অপারেশন ও মেনটেইন্যান্স কার্যক্রম পরিচালনার দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছে জাপানি কোম্পানি সাব ওয়ার্কিং গ্রুপ। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদরদপ্তরে প্রতিষ্ঠানটির পক্ষে মাসাহিরু হিরাই বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের কাছে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব জমা দেন।

বেবিচকের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, জাপানি প্রতিষ্ঠানটি কারিগরি ও আর্থিক প্রস্তাব সংবলিত আলাদা নথিপত্র জমা দিয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গঠিত আরএফভি ইভ্যালুয়েশন কমিটি এই প্রস্তাবগুলো মূল্যায়ন করবে। এই কমিটিতে বেবিচক ছাড়াও অর্থ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন।

মূল্যায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথমে কারিগরি প্রস্তাব এবং পরবর্তীতে আর্থিক প্রস্তাব পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর প্রয়োজনীয় আলোচনা ও সমঝোতার মাধ্যমে বিষয়টি চুক্তির পর্যায়ে নেওয়া হবে। বেবিচকের এক কর্মকর্তা জানিয়েছেন, কারিগরি প্রস্তাবের মূল্যায়ন মঙ্গলবারই শুরু হয়েছে এবং তা শেষ হওয়ার কথা রয়েছে। আর্থিক প্রস্তাবের মূল্যায়ন বৃহস্পতিবার চূড়ান্ত হতে পারে। সব কিছু ঠিক থাকলে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের সফট ওপেনিং করেছিলেন। এরপর নানা উদ্যোগ নেওয়া হলেও টার্মিনালটি পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। বর্তমান সরকার চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই টার্মিনালটি চালুর ঘোষণা দিয়েছে। অপারেশন ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য একাধিক দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের আগ্রহের মধ্যেই জাপানি এই কোম্পানির প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

শেয়ার করুন