বাংলাদেশ থেকে ১০ হাজার দক্ষ কর্মী নেয়ার আগ্রহ ব্যক্ত করেছে মালয়েশিয়া সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে এসব কর্মী মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন এবং এই পুরো প্রক্রিয়ায় কর্মীদের কোনো ধরনের খরচ বহন করতে হবে না।
মঙ্গলবার (২৫ আগস্ট) সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব তথ্য তুলে ধরেন। নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, অবৈধ পথে বিদেশযাত্রা রোধ এবং ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার ঝুঁকি মোকাবিলার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়েছিল।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সরকার বৈধ উপায়ে কর্মীদের বিদেশ পাঠানোর বিষয়ে আন্তরিকভাবে কাজ করছে। এরই অংশ হিসেবে মালয়েশিয়া সরকার বাংলাদেশকে উপহার হিসেবে এই ১০ হাজার কর্মী নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তিনি সতর্ক করে বলেন, শুধু বিদেশ যাওয়ার ইচ্ছা থাকলেই হবে না, বরং কাজ ও ভাষা শিখে দক্ষ হয়েই বিদেশে পাড়ি জমাতে হবে। সুনামগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও ভাষা শিক্ষার কোর্স চালুর পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, উপযুক্ত স্থান নির্ধারণ করা হলে মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেয়া হবে।
সভায় অবৈধ অভিবাসন ও দালালদের দৌরাত্ম্য নিয়ে কঠোর হুঁশিয়ারি দেন মন্ত্রী। তিনি বলেন, দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের অনেক যুবক অবৈধভাবে বিদেশে গিয়ে প্রাণ হারাচ্ছেন। সাম্প্রতিক সময়ে লিবিয়া হয়ে সাগরপথে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে প্রাণ হারানো যুবকদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব দালালদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। নিরাপদ ও দক্ষ অভিবাসন নিশ্চিত করতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে বলেও সভায় জানানো হয়।





