চীনের জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা

প্রকাশ:

বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার প্রক্রিয়ায় সরকার এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে সরকারের সমসাময়িক কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, বিমানবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে বিভিন্ন মডেলের চতুর্থ প্রজন্মের এমআরসিএ ফাইটার এয়ারক্রাফট, অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার ও ইউএভি সিস্টেম কেনার প্রক্রিয়া চলমান রয়েছে। এই অর্থবছরে বাজেট পাওয়া গেলে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হবে, অন্যথায় তা পরবর্তী বাজেটে স্থানান্তর করা হবে।

উপদেষ্টা জানান, এমআরসিএ (জে-১০ সিই) এবং অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহের বিষয়ে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে নেগোসিয়েশন মিটিংয়ের খসড়া চুক্তিপত্র প্রস্তুত করা হয়েছে। এই খসড়া অনুমোদনের জন্য সশস্ত্র বাহিনী বিভাগ ও অন্যান্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

চীনের তৈরি জে-১০ সিই ফাইটারের সক্ষমতার বিষয়ে জাহেদ উর রহমান বলেন, সাম্প্রতিক কমব্যাট সিচুয়েশনে এর বাস্তব অভিজ্ঞতা রয়েছে। ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ভারতের রাফাল যুদ্ধবিমান ডাউন করার ক্ষেত্রে চীনা জে-১০ ভূমিকা রেখেছিল, যা এখন প্রতিষ্ঠিত তথ্য। তিনি আরও বলেন, রাফালকে ৪.৫ প্রজন্মের সবচেয়ে আধুনিক ফাইটারগুলোর একটি বলা হয়, তার সঙ্গে কমব্যাট সিচুয়েশনে জে-১০ সিই খুবই ভালো করেছে। বাংলাদেশ সেদিকে মনোযোগ দিয়েছে এবং আশা করা যায় এই পথে সরকার খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে।

উপদেষ্টা আরও বলেন, রাফাল বা ইউরো ফাইটার টাইফুনের মতো ইউরোপিয়ান ভেরিয়েন্টের তুলনায় চীনা ফাইটারগুলোর দাম তুলনামূলকভাবে অনেক কম। জনগণের প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য সরকার সব রকমের পদক্ষেপ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব মাহবুবা ফারজানা এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন