তথ্যমন্ত্রী হিসেবে বসা, কারো আত্মীয় হিসেবে নয়: আন্দালিভ রহমান পার্থ

প্রকাশ:

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, তিনি এখানে তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, কারো আত্মীয় হিসেবে নয়। মঙ্গলবার (২৫ আগস্ট) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রশ্ন করতে গিয়ে মন্ত্রীকে তার আত্মীয় হিসেবে উল্লেখ করেন। সাংবাদিকের প্রশ্নটি ছিল, 'পলাতক শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি হাদির খুনিদেরও ফেরত দেওয়ার জন্য বলেছে। কোনো আপডেট আছে কিনা? কবে নাগাদ ফেরত পাচ্ছেন আপনার আত্মীয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে?'

জবাবে মন্ত্রী পেশাদারিত্ব বজায় রেখে প্রশ্ন করার পরামর্শ দিয়ে বলেন, 'আমি আশা করছিলাম আপনার প্রশ্নটা আরও প্রফেশনাল হবে। আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়। আশা করি আরও প্রফেশনাল ওয়েতে প্রশ্ন করবেন।'

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে মন্ত্রী বলেন, তিনি বর্তমানে ভারতে আছেন— এটি সবার জানা। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে ফেরত আনার জন্য প্রয়োজনীয় শর্ত ও অনুরোধ ভারতের কাছে জানানো হয়েছে। তিনি আরও জানান, ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় পক্ষ বিষয়টি আদালতের প্রক্রিয়ার মাধ্যমে বিবেচনা করতে পারে। মন্ত্রী মনে করেন, রাজনৈতিকভাবে সরাসরি সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি যদি আদালতের ওপর ছেড়ে দেওয়া হয়, তাহলে সেটি তার জন্য খুব একটা সুখবর হবে না।

সবশেষে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ স্পষ্ট করেন যে, কেবল শেখ হাসিনা নন, বাংলাদেশের যেসব ব্যক্তির বিরুদ্ধে মামলা রয়েছে এবং যারা বিদেশে অবস্থান করছেন, সরকার তাদের সবাইকে দেশে ফেরত চায়।

শেয়ার করুন